প্রধান সূচি

মোবাইল কোর্টে ৩ জনকে জরিমানা

প্রশাসন ব্যস্ত করোনা রোধে ॥ নাজিরপুরে দখল হচ্ছে সরকারী সম্পত্তি

করোনাভাইরাস পরিস্থিতি সামলাতে যখন প্রশাসন ব্যস্ত তখন সেই সুযোগ কাজে লাগিয়ে পিরোজপুরের নাজিরপুরে এক শ্রেনীর ভূমিদস্যুরা মেতেছে সরকারী সম্পত্তি দখলের মহোৎসবে। ইতোমধ্যে ভূমিদস্যুরা উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে সরকারী সম্পত্তি দখল করে নিয়েছে এবং এ দখল প্রক্রিয়া অব্যহত রেখেছে।
রবিবার সকালে সরেজমিনে উপজেলার মাটিভাঙ্গা ও সাতকাছিমায় উপস্থিত হয়ে সরকারী সম্পত্তি অবৈধভাবে দখলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল, কাদের মোল্লা ও সাইদুল খান নামে ৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো সায়েফ।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার শ্রীরামকাঠীর নৈলতলা ও শেখমাটিয়ায় একই অপরাধে ২ জনকে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয় ও উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মাটিভাঙ্গা ট্রলারঘাটে নদী ভরাট, সাতকাছিমায় সরকারী জায়গায় ঘর উত্তোলন, সদর বাজারে অবৈধ স্থাপনা উত্তোলন, শ্রীরামকাঠীর নৈলতলায় খাল ভরাটসহ উপজেলার বিভিন্ন স্থানে সরকারী সম্পত্তি দখলের মহোৎসব চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো সায়েফ জানান, করোনা মোকাবিলায় নানা কর্মসূচিসহ ত্রাণ বিতরণ নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা প্রশাসনকে ব্যস্ত থাকতে হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল অবৈধভাবে সরকারী সম্পত্তি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এমন সংবাদ পেয়ে আমরা ৫ স্থানে অভিযান পরিচালনা করেছি। ঘটনার সত্যতা পেয়ে ৩ জনকে ৫৬ হাজার টাকা জরিমানা ও ২ জনকে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, সরকারী সম্পত্তি অবৈধ দখলের সংবাদ পেলেই প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial