কাউখালীতে সামাজিক দুরত্ব নিশ্চিত করছে সেনাবাহিনী
পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করছে সেনাবাহিনী। সংকট মোকাবেলায় বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। সামাজিক দূরত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালাচ্ছেন প্রচার-প্রচারণা করছেন। হ্যান্ড মাইকে জানাচ্ছেন- অহেতুক ঘোরাফেরা না করে ঘরে থাকতে। চায়ের দোকানে আড্ডা না দিতে ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে। সেনা সদস্যদের বিভিন্ন ইউনিট পালা করে সচেতনতামূলক এই কার্যক্রম অব্যাহত রাখছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে সেনাবাহিনীর একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয় এবং সচেতনতামূলক প্রচারণা চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
