প্রধান সূচি

নাজিরপুরে জ্বর ও শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে জ্বর ও শ্বাসকষ্টে এক গৃহবধূর (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওইদিন রাত সাড়ে ১১টায় নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বরইবুনিয়া গ্রামে ওই গৃহবধূর পিতার বাড়ীতে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুর খবর প্রকাশ হলে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, ওই গৃহবধূ ঢাকায় বসবাস করতো। দু’সপ্তাহ আগে উপজেলার উত্তর বরইবুনিয়া গ্রামে পিতার বাড়ীতে বেড়াতে আসেন। গত শনিবার থেকে তার শরীরে জ¦র দেখা দেয়। ৩/৪ দিন অপেক্ষা করলেও কোন পরিবর্তন না হওয়ায় গত মঙ্গলবার তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা না দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেও তার চিকিৎসা না পেয়ে পরিবারের লোকজন তাকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। বর্তমানে ওই পরিবারের আরো একজন জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন বলে জানান স্থানীয়রা।

স্থানীয় আরজু শেখ জানায়, মৃত গৃহবধুর করোনা হয়নি। আগে থেকেই তার হাপানী ও শ্বাসকষ্ট ছিলো। কয়েকদিন আগে জ্বরও হয়েছিলো বলে লোক মুখে শুনেছি। পূর্বের অসুস্থতার কারণেই সে মারা গেছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আকবর হোসেন জানান, দু’সপ্তাহ আগে ওই গৃহবধূ ঢাকা থেকে এসেছে এবং গত শনিবার থেকে জ্বরে ভুগতেছিলেন তা ঠিক তবে দীর্ঘদিন ধরে সে হাপানী ও শ্বাসকষ্টে ভুগতেছিলো ওই অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে পরিবার পক্ষ থেকে দাবী করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, এই রোগী সর্ম্পকে আমাদের কিছুই জানানো হয়নি। যে কারণে আমরা কোন পদক্ষেপ নিতে পারিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, যেহেতু আমাদের না জানিয়ে ওই গৃহবধূকে দাফন করে ফেলেছে এখনতো তার বিষয়ে কিছু করার নেই। তবে তার নমুনা সংগ্রহ করে রাখতে পারলে ভালো হতো। এখন ওই পরিবারে অন্য যে ব্যক্তি অসুস্থ রয়েছে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial