পিরোজপুরে কর্মহীন শ্রমজীবীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
পিরোজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার ৭টি উপজেলায় সরকারীভাবে ১১,৫১২টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১১৫.১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ১২৯২টি পরিবারকে ২ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা নগদ প্রদান করা হয়েছে ।
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ৩ হাজার কর্মহীন শ্রমজীবীকে খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল এবং আধা কেজি লবনের একটি প্যাকেজ দিচ্ছে।
এছাড়া জনসাধারনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার মাস্ক, ১৬ হাজার হ্যান্ডওয়াশ, ৭ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ৫ হাজার সাবান এবং ২০ হাজার লিফলেট বিতরণের কার্যক্রম নেয়া হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে হাত ধোয়ার জন্য স্থায়ীভাবে বেসিন বসানো হয়েছে।
মঙ্গলবার জেলার মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানসহ জেলা পরিষদের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
