মৃত ব্যক্তির বাড়িসহ পাশের বাড়ি লকডাউন
করোনাভাইরাস উপসর্গ নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় স্কুল ছাত্রের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ধাওয়া গ্রামে করোনাভাইরাস উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সবুজ (১৮) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। সে দক্ষিণ পূর্ব ধাওয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। ছেলেটি এ বছর দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এসসি পরীক্ষা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলেটি ৪দিন ধরে জ্বর, সর্দি-কাঁশি ও গলা ব্যথায় ভুগছিল। আজ মঙ্গলবার দুপুরে সে মারা যায়। সকালে মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সাথে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে চিকিৎসকরা তাকে হাসাপাতালে নিয়ে যেতে বলে। কিন্ত ছেলেটির পরিবার তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে রখেই চিকিৎসা করে।
ছেলেটির মৃত্যুর সংবাদ পেয়ে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের একটি দল তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, মৃত ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা তার নমুনা সংগ্রহ করে আইসিডিআর পাঠানো হচ্ছে। এছাড়া ওই বাড়িসহ পাশ্ববর্তী বাড়িগুলো লকডাউন ঘোষণা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
পিরোজপুর সিভিল সার্জন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির জ্বর থাকবে তবে রক্তবমি হয় না। ওই ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার রক্তবমি হয়েছিল বলে শোনা যায়।
ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মৃত ব্যক্তির বাড়ি ও আশেপাশের এলাকা লকডাউন ঘোষণা করে তাদেরকে ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন এবং ওইসব পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছেন।
