করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরী সভা
ভান্ডারিয়া লকডাউন ॥ হোম কোয়ারেন্টিনে ৪০ জন
করোনাভাইরাস প্রতিরোধে ৬ষ্ঠ দিনের মত পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চলছে লকডাউন। বন্ধ রয়েছে গণ পরিবহন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ওষুধের দোকান ছাড়া সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাছ, মাংস সবজি ও মুদি দোকান খোলা থাকলেও উপস্থিতি খুবই কম।
গত ২৩ মার্চ উপজেলা প্রশাসনের ঘোষণার মধ্য দিয়ে ভান্ডারিয়া উপজেলা লকডাউন করা হয়। উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের নেতৃত্বে এবং তার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৮টি প্রবেশ মূখে নিয়মিত জীবাণুনাশক স্প্রে, ৩৯টি থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ, মাইকিং, ঘরে ঘরে চাল-ডালসহ খাদ্য সামগ্রী পৌঁছে দিতে প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়মিত কাজ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, এখনও হোম কোয়ারেন্টিনে রয়েছে বিদেশ ফেরত ৪০ জন প্রবাসী। এ পর্যন্ত ১২ জন লোক কোয়ারেন্টিন শেষ করে বাড়ীতে ফিরে গেছেন। উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি।
এদিকে, করোনা প্রতিরোধে সোমবার উপজেলা প্রশাসনের এক জরুরী সভা ইঞ্জিনিয়ার খন্দাকার মোশারেরফ হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, পুলিশ, চিকিৎসক, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ইউএনও মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ। সভায় সরকার ঘোষিত ৪ এপ্রিল পর্যন্ত নির্দেশনাসমূহ বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম বলেন, ভান্ডারিয়া উপজেলায় মানুষের জন্য গাড়ীতে গাড়ীতে করে ভ্রাম্যমান বাজারের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। লোকজন বাড়ীর সামনে থেকেই পিকআপ ভ্যান থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র কিনতে পারবে। তিনি আরও বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারকে আহবায়ক করে একটিস কমিটি গঠন করা হয়েছে। উপজেলায় তার নেতৃত্বে দলের নেতা-কর্মীদের নিয়ে ৩০০স্বেচ্ছাসেবক সদস্য জনসাধারণকে সচেতনামূলক কাজ, বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন শ্রমজীবীদের খাদ্য সহায়তা বিতরণ, জিবাণুনাশক স্প্রে ছিটানোসহ দিনরাত কাজ করছে।
