বাগেরহাটে আইসোলেশনে থাকা নারী সুস্থ্য ॥ হোম কোয়ারেন্টাইনে ১৪০০
বাগেরহাট সদর হাসপাতালে আইসোলেশনে থাকা নারী সুস্থ্য হয়েছেন। সোমবার দুপুরে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা ব্যক্তির শারীরিক অবস্থা ভাল বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে. এম. হুমায়ুন কবির।
ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত ৩৮টি দেশ থেকে ৪ হাজার ২২৬ জন প্রবাসী বাগেরহাটে ফিরেছেন। এর মধ্যে ১৪০০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। নির্ধারিত সময় পূর্ন হওয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকা ১ হাজার ৫১ জন প্রবাসী স্বাভাবিক জীবন যাপন শুরু করছেন। এছাড়া তালিকা পাওয়ার আগেই ১০০০ জন প্রবাসীর কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হয়েছে।
সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে ৪ হাজার ২২৬ জন প্রবাসী রয়েছেন। এর অধিকাংশ ভারত থেকে এসেছেন। এদের মধ্যে ১৪০০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ইমেগ্রেশন পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী প্রবাসীদের বাড়ি বাড়ি খুঁজে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য কাজ করছি। তালিকা পাওয়ার আগেই প্রায় ১০০০ জন প্রবাসী ১৪ দিন অতিবাহিত করেছেন। তাই তাদের আর হোম কোয়ারেন্টাইন প্রয়োজন নেই। এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে করোনা সন্দেহে যে দুইজন ভর্তি ছিলেন। তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এখন পর্যন্ত বাগেরহাট জেলা কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগীমুক্ত।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসার জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা রয়েছে। বাগেরহাটের চিকিৎসক ও নার্সদের পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) সংকট ছিল। তার সমাধান হয়েছে। সব মিলিয়ে করোনার বিষয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন থাকার আহবান জানান তিনি।
