পিরোজপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে তিন মাদক ব্যবসায়কে তিন বছর কারাদন্ড ও তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আব্দুল মান্নান (৪৪), শরিফুল ইসলাম (৩২) ও ইকবাল হোসেন (৩০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া এলাকায় পুলিশের একটি দল টহল দেওয়ার সময় মোটরসাইকেল আরোহীতিন জনকে আটক করে তল্লাশী চালিয়ে তাদের সাথে থাকা তিন লিটার ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেন। রায় ঘোষণার সময় আব্দুল মান্নান আদালতে উপস্থিত ছিলেন। শরিফুল ইসলাম ও ইকবাল হোসেন পলাতক রয়েছে।
