নাজিরপুরে অসহায় কৃষকের ধান কেটে দিল কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাব
পিরোজপুরের নাজিরপুরে অসহায় বর্গাচাষি দাউদ আলী ফকিরের ইরি-বোরো ধান মাঠ থেকে কেটে দিয়েছে কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাব নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের ৪০ জন সদস্য। গতকাল বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বাবুলের বাড়ীর পিছনের মাঠ থেকে এ ধান কর্তন করা হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ওই গ্রামের বর্গাচাষী দাউদ আলী ফকিরের সাড়ে চার একর জমির ধান কেটে দেয়।
এ ব্যাপারে উপজেলার পাকুরিয়া গ্রামের বর্গাচাষী দাউদ আলী ফকির বলেন, অনেক কষ্ট ও ধারদেনা করে অন্যের জমিতে তিনি ইরি ধান রোপন করেন। ধান পাকলেও শ্রমিক সংকট এবং অধিক শ্রমের মূল্য দাবি করায় তিনি ধান কাটতে পারেননি। ধান কাটতে না পারায় এক পর্যায়ে তিনি অসহায় হয়ে পড়েন। বিষয়টি জানতে পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান কৃষি উপজেলা সদরের কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাব নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে স্বেচ্ছায় তার ধান কাটা কর্মসূচি গ্রহণ করেন। এ কর্মসূচির আলোকে ওই সংগঠনের সভাপতি হৃদয় খানের নেতৃত্বে আজ দাউদ আলীর জমির ধান কেটে দেয় তারা।
স্থানীয় কৃষক মোস্তফা খান বলেন, ধান পাকার সাথে সাথে শ্রমিকের অভাবে কাটতে না পারায় দাউদ আলীর অনেক ধান ঝরে নষ্ট হয়েছে। তার পরেও এই শিক্ষার্থীরা তার ক্ষেতের ধান কেটে দেয়ায় তার অনেক উপকার হবে।
ধান কাটতে যাওয়া কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাবের সভাপতি হৃদয় খান জানান, এবার এ উপজেলায় ধান কাটা শ্রমিকের মজুরি অনেক বেশি। অপরদিকে ধানের দাম কম। তাই কৃষকের অনেক কষ্ট। তাই কৃষকের প্রতি সমবেদনা জানাতে ও তাদের দুঃখ ভাগাভাগি করে নিতে তাঁরা ধান কেটে দিতে এসেছেন।
ওই সংগঠনের সদস্যদের ধান কাটা দেখতে আসা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, জমির ধান পেকে পড়ে যাচ্ছিলো। টাকার অভাবে ওই কৃষক ধান কাটতে পারছে না। এ ঘটনা জানতে পেরে কৃষকের প্রতি সমবেদনা থেকে কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাবের সদস্যরা ওই জমি ধান কেটে দিচ্ছে। নবম-দশম থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ওই জমি ধান কাটছে। তারা সকলেই ওই সংগঠনের সদস্য। এটা তাদের একক অবদান । আমি তাদের কাজে উৎসাহ দিতে এখানে এসেছি।
