বাগেরহাটে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান
কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য প্রদান ও পাট কল শ্রমিকদের বকেয়া মজুরী প্রদানসহ ৯ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাগেরহাট জেলা বিএনপি। মঙ্গলবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, সরকার প্রতি মণ ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করলে ও সরকারী দলের নেতৃবৃন্দের আনুকুল্য পাওয়া মধ্যস্বত্ব ভোগীদের কারণে কৃষকরা ৫০০ টাকার বেশী দামে ধান বিক্রি করতে পারছেন না। তাই কৃষকদের রক্ষা করতে সরাসরি ধান কেনার দাবি জানান তারা। কৃষকরাই বাংলাদেশের আত্মা ও দেশের প্রাণ। কৃষকদের রক্ষা করতে না পারলে দেশে দুর্যোগ নেমে আসবে। তারা উৎপাদন বন্ধ করে দিলে দেশে দুর্ভিক্ষ নেমে আসবে, ১৭ কোটি মানুষ না খেয়ে মরবে। মধ্যস্থতাকারি সুবিধাভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনে ন্যায্য মূল্য নিশ্চত করা ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করার জন্য সরকারকে মাধ্যমে আহবান জানাচ্ছে। এছাড়া পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরীসহ ৯ দফা ন্যায্য দাবি মেনে নেয়ারও আহবান জানানো হয় ওই স্মারকলিপিতে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শেখ আব্দুল হাই, শেখ এসকেন্দার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা কাজী সেলিম, সৈয়দ আসাফুদৌলা জুয়েলসহ সিনিয়র নেতৃবৃন্দ।
