সিকদার মল্লিকে জেলেদের চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ
ঝাটকা সংরক্ষণের ভর্তূকি হিসেবে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে ২৫৯ জন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। জেলেদের এ চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ করেছে স্থানীয় জেলেরা। জেলেদের এ অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে সরেজমিনে গিয়ে পাওয়া যায় এর সত্যতা।
ওই ইউনিয়নের জেলে রুহুল আমীন অভিযোগ করে জানান, তাদের তিন মাসের জন্য ১২০ কেজি চাল দেওয়া হয়েছে। এজন্য প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া শুরু করেন ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. রফিক হাওলাদার। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে পরবর্তীতে প্রত্যেকের কাছ থেকে ৯০ টাকা করে নেওয়া শুরু করেন তিনি।
ঐ এলাকার জেলে মেহের আলী সিকদার জানান, টাকা না দিলে চাল দেয়া হচ্ছে না। এছাড়া বিগত দিনে যেসব জেলেরা চাল পেয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য রফিক হাওলাদার জানান, চাল আনতে খরচ হয়েছে তাই টাকা নিচ্ছি। এ খবর চেয়ারম্যানসহ সবাই জানে।
চাল দেয়ার সময় ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান উপস্থিত থাকলেও তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
তবে মোবাইল ফোনে টাকা নেওয়ার কথা স্বীকার করে ওই ইউনিয়নের চেয়ারম্যান জানান, ৩ মাসের চাল পরিবহনের খরচ হিসেবে জনপ্রতি ৯০ টাকা করে নেওয়া হয়েছে।
