বাংলাদেশের গ্রামে গঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি রয়েছে … শেখ হেলাল উদ্দিন এমপি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, আপনারা জাতির পিতার আদর্শে বিশ্বাস করেন বলেই বাংলাদেশের গ্রামেগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিনত হয়েছে। এই ঘাটিকে টিকিয়ে রাখতে হবে। তাই দলমত নির্বিশেষে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অক্টোবরে জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ওয়ার্ড, থানা ও মহানগরের সম্মেলন শেষ করতে হবে। সেভাবেই সকলকে প্রস্তুতি নিতে হবে।
বাগেরহাট জেলা পরিষদের অডিটরিয়ামে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, এডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোাদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম প্রমুখ।
সভায় জেলার সকল পৌরসভা, থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও দলীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
