স্বরূপকাঠিতে পৌর মেয়রের পক্ষে সংবাদ সম্মেলন
স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার সকালে পৌরসভা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রতন দত্ত। লিখিত বক্তব্যে প্যানেল মেয়র রতন দত্ত বলেন সম্প্রতি পৌরসভার কিছু উন্নয়ন কাজ বাস্তবায়নে অনিয়মের প্রসঙ্গ তুলে একটি মহল মেয়রের বিরুদ্ধে মানববন্ধন করাসহ নানাভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ঠিকাদারদের কাছ থেকে যথাযথ কাজ আদায় করতে মেয়র গোলাম কবির অত্যন্ত সোচ্চার। সেখানে কারও ব্যক্তিগত আক্রোশ থেকে মেয়রের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকে পৌর পরিষদ মেনে নেবে না বলে সংবাদ সম্মেলনে হুশিয়ারী উচ্চারণ করেন রতন দত্ত।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর কাউন্সিলর মো. নুরুল ইসলাম, জাহিদুল ইসলাম বিপ্লব ও মো. জাহিদুর রহমান।
উল্লেখ্য, কোর্ট বিল্ডিং এলাকার একটি সড়ক মেরামত কাজে চরম অনিয়মের অভিযোগ তুলে দুর্নীতি বিরোধী সচেতন পৌরবাসীর ব্যানারে রবিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তারা মেয়রের ছত্রছায়ায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তোলেন।
