ইন্দুরকানীতে স্কুল ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা
ইন্দুরকানীতে রাতের বেলা ঘরে ঢুকে এক স্কুল ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করেছে চোরবেশী এক মাদক ব্যবসায়ী। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে চোর পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের স্কুল শিক্ষক জসিম উদ্দিনের বাড়িতে একই গ্রামের তোবারেক গাজীর ছেলে মাদক ব্যবসায়ী তারা গাজী (৩৫) ঘরের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে পড়ে। এসময় বারান্দায় ঘুমিয়ে থাকা তার স্কুল পড়–য়া মেয়ে বিষয়টি টের পেলে অভিযুক্ত চোর তারা গাজী তার মুখ চেপে ধরে তাকে তুলে নেয়ার চেষ্টা করে। স্কুল ছাত্রীর পিতা চিৎকার শুনে জেগে উঠে ধাওয়া করে তারা গাজীকে ধরে ফেলে। পরে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
স্কুল ছাত্রীর পিতা জসিম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী তারা গাজী চুরি করার উদ্দেশ্যে আমার ঘরে ঢুকে মেয়ের মুখ চেপে ধরে বাইরে নিয়ে আসে। পরে আমরা টের পেয়ে চোর তারা গাজীকে ধরে পুলিশের হাতে তুলে দেই।
ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, অভিযুক্ত তারা গাজীকে আটক করা হয়েছে। তাকে চুরি মামলায় আদালতে পাঠানো হবে।
