প্রধান সূচি

ইন্দুরকানীতে বিএনপির কমিটি নেই ॥ নতুন কমিটির জন্য দৌড়ঝাপ

দলের মধ্যে গ্রুপিং ও অভ্যন্তরীন কোন্দলের কারণে বিশ মাস আগে পিরোজপুর জেলা বিএনপি ইন্দুরকানী (সাবেক জিয়ানগর) উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে। দলীয় সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির সভাপতি গাজী নুরজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন স্বাক্ষরিত চিঠিতে ইন্দুরকানী উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম কিসমত ও সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানাকে ইন্দুরকানী উপজেলার বিএনপির ইউনিয়ন কমিটিগুলো পুনঃ গঠনের দায়িত্ব দেয়া হয়।

বর্তমানে ইন্দুরকানী উপজেলায় বিএনপির কোন কমিটি না থাকায় এ উপজেলায় দুই গ্রুপ পৃথক পৃথক দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার তার সমর্থকদের নিয়ে গত রমজানে ইফতার পার্টিসহ দলীয় কর্মসূচী পালন করছেন। তার কোন দলীয় কার্যালয় না থাকায় মাঝে মাঝে যুবদলের কার্যালয়ে সমন্বয় করে কর্মসূচী পালন করেন।

অপরদিকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার উপজেলা বিএনপির অফিস ভাড়া নিয়ে ইফতার পার্টিসহ দলীয় কর্মসূচী পালন করেন।  কেন্দ্রীয় বিএনপির নির্দেশে স্বল্প সময়ের মধ্যে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ার কথা। তাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদারের অনুসারীরা পদ পাওয়ার জন্য বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করছেন এবং রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরছেন। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার ও তার অনুসারীরা কমিটির জন্য কোন দৌড়ঝাপ করছেন না। তারা ফোনে জেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন।

তবে সভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদারের নাম শোনা যাচ্ছে এবং সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদারকে দল মূল্যায়ন করবে কিনা এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে শঙ্কা রয়েছে।

সাধারণ সম্পাদক পদে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সহ-সম্পাদক মো. ফরিদ হোসেন ও প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু পদ পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাংগঠনিক সম্পাদক পদে বালিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাইউম জোমাদ্দার, উপজেলা বিএনপির সাবেক সদস্য এইচ এম ফারুক হোসাইন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খান মো. নাসির উদ্দিন ও বালিপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মবিনুর রহমান নান্নু পঞ্চায়েতের নাম শোনা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের লক্ষে অতি অল্প সময়ের মধ্যেই উপজেলা বিএনপির কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার জানান, দল করতে গিয়ে আমি ও আমার দুই ভাই একাধিক মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছি। দল যদি মূল্যায়ন করে তবে আমি সাধারণ সম্পাদক হব।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার জানান, দলীয় কর্মকান্ডে আমি নেতা-কর্মীদের সাথে সব সময় আছি। আমি উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী। দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি ছিলাম। দল যদি মূল্যায়ন করে আমি সভাপতি থাকব।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন জানান, আমাদের প্রধান লক্ষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। আর কমিটি গঠন রাজনৈতিক দলের স্বাভাবিক প্রক্রিয়া।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial