প্রধান সূচি

ইউএনও’র স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ

পিরোজপুরে মাদ্রাসা সুপার কারাগারে

 

 

নাজিরপুর প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় এক মাদ্রাসা সুপারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। ওই সুপার রবিবার পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রবীর কুমার এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

জানা গেছে, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল মান্নান ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারী মাদরাসার সহকারী মৌলভী পদে বাগেরহাটের চিতলমারী উপজেলার বটতলা গ্রামের আব্দুল ওয়াহেদ খানের ছেলে মো. ইলিয়াছ হোসেনকে গোপনে নিয়োগ দেন। কিন্তু ওই সময় একই পদে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ছিলেন উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের মৃত এনছান আলীর ছেলে মো. আব্দুল হামিদ শেখ।

হামিদ শেখ জানান, ওই সময় তিনি সেখানে নিয়মিত শিক্ষক হিসেবে পরিচালনা কমিটিতে শিক্ষক প্রতিনিধি’র দায়িত্বও পালন করছিলেন। কিন্তু মাদ্রাসা সুপার আ. মান্নান তার (হামিদ) নিয়োগ গোপন রেখে তখন ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি’র দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ইলিয়াস হোসেনকে নিয়োগ প্রদান করেন। পরে তার (ইলিয়াছ) বেতন-ভাতার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র প্রেরণ করেন। শিক্ষা অধিদপ্তর ওই বছরের ডিসেম্বরের এমপিওতে অবৈধভাবে জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেয়া শিক্ষকের বেতন ভাতা প্রদান করেন। তখন বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের দৃষ্টিতে গেলে তিনি ওই শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রাখেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেন।

২০০৬ সালের ২ মে উপজেলা শিক্ষা কর্মকর্তার দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের প্রেরিক্ষেতে ওই সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সময় ওই শিক্ষকের (ইলিয়াছ) ভুয়া এমপিও বাতিলের জন্য মাউশি’র কাছে ইউএনও প্রতিবেদন দিলে তার ভুয়া এমপিও বাতিল হয়। এ ঘটনার পর সুপার মান্নান পুনরায় গোপনে ওই শিক্ষকের বাতিলকৃত এমপিও ২০১৫ সালের জুলাই মাসে বহাল করেন। এর প্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষক আব্দুল হামিদ মাদ্রাসা সুপার আ. মান্নান ও ভুয়া নিয়োগকৃত শিক্ষক ইলিয়াসের বিরুদ্ধে পিরোজপুর আদালতে মামলা দায়ের করেন।

এ মামলায় আদালত মাদ্রাসা সুপার আ. মান্নানের বিরুদ্ধে সমন দেয়ায় রবিবার তিনি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রবীর কুমার এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial