কাউখালীতে পানিতে ডুবে ঘাট শ্রমিকের মৃত্যু
জেলার কাউখালী উপজেলায় মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে আব্দুর রহমান জমাদ্দার (৪০) নামে এক লঞ্চ ঘাট শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার কুমিয়ান এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার কাছে সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। নিহত আব্দুর রহমান কুমিয়ান গ্রামের রফিকুল ইসলাম জমাদ্দারের ছেলে ।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কুমিয়ান গ্রামের রহমান বুধবার দুপুরে ঝাঁকি জাল দিয়ে বাড়ির পাশের সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। মাছ শিকারের এক পর্যায়ে রহমানের জাল হঠাৎ করে নদীতে আটকে যায়। এসময় জাল টান দিলে রহমান পানিতে পড়ে গিয়ে ডুবে যান। পরে বিষয়টি নদীতে থাকা অন্যান্য লোকদের নজরে পড়লে তারা গ্রামের লোকজন নিয়ে প্রায় ৫ ঘন্টা ঘটনাস্থলসহ নদীর আশপাশে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে স্বরূপকাঠী থেকে আসা স্থানীয় ডুবুরি দল ঘটনাস্থলের প্রায় ২০ গজ দুর থেকে আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়।
উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও কুমিয়ান গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
