প্রধান সূচি

পিরোজপুরে বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত ॥ ৮ পুলিশ সদস্য আহত

পিরোজপুরে মাদক বিরোধী অভিযোনে পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলার কলাখালীতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন এবং মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়ায় থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত নিহত হয়েছে। এসময় ডিবি ও থানা পুলিশের ৮ সদস্য গুরুতর আহত হয়েছে।

পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার দুপুরে পিরোজপুর শহরতলীর উত্তর কৃষ্ণনগর এলাকা থেকে মো. অহিদুজ্জামান অহিদ (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করে পিরোজপুর ডিবি পুলিশের একটি ইউনিট। তার দেয়া তথ্যনুযায়ী রবিবার দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ষ্টিল ব্রীজ সংলগ্ন কৈবর্তখালী গ্রামে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে অহিদুজ্জামানের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ডিবি পুলিশের কাছ থেকে অহিদুজ্জামানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে সময় মাদক ব্যবসায়ী অহিদুজ্জামানের সঙ্গীদের আঘাতে ডিবি পুলিশের এএসআই আল-আমিন ও ডিবি পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান মারাত্মকভাবে জখম হয়। পরে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী অহিদুজ্জামান পালাতে গেলে ডিবি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ ১টি পাইপ গান, ৫ রাউন্ড গুলি, ২টি বগি দা, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, অস্ত্র তৈরির সরঞ্জামাদি, মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে।

স্বরূপকাঠী প্রতিনিধি মো. হাবিবুল্লাহ জানান, নিহত মাদক ব্যবসায়ী অহিদুজ্জামান স্বরূপকাঠী উপজেলার দক্ষিন কৌরিখাড়া গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, অস্ত্র মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে। সে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল।

রবিবার পিরোজপুর জেলা জজ আদালত একটি মাদক মামলায় অহিদুজ্জামানকে ৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়। রায় ঘোষনার সময় অহিদুজ্জামান পলাতক ছিল।

ডিবি পুলিশের ওসি মো. মিজানুল হক জানান, শীর্ষ মাদক ব্যবসায়ী ওহিদুজ্জামানকে একটি মাদক মামলায় রবিবার দুপুরের দিকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আগ্নেয়াঅস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে নিয়ে রাত ১ টার দিকে কলাখালির কৈবর্তখালী গ্রামে যাওয়া হয়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা তার সঙ্গীরা ডিবি পুলিশের উপর গুলি  ছোড়ে। এক পর্যায়ে পুলিশ পাল্টা গুলি ছোড়লে গুলিতে ওহিদুজ্জামান কাত হয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মঠবাড়িয়া প্রতিনিধি এস এম আকাশ জানান, মঠবাড়িয়ায় রবিবার দিবাগত গভীর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মিজানুর রহমান সরদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার বড়মাছুয়া বাজার সংলগ্ন আমজাদ হাওলাদারের বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মিজানুর উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের লাল মিয়া ওরফে লালু সরদারের ছেলে।

পুলিশের দাবি, নিহত মিজানুর তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার নামে মঠবাড়িয়া ও বরগুনায় থানায় ডাকাতি, মাদকসহ ৭টি মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধে মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম)সহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে খায়ের ঘটিচোরা গ্রাম থেকে চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী মিজানকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে থানা পুলিশ গভীর রাতে উপজেলার বড় মাছুয়া গ্রামের হাওলাদার বাড়ি এলাকায় মাদক অভিযানে গেলে মিজানের সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলিতে মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

বন্দুকযুদ্ধে মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম), উপ-পরিদর্শক নজরুল ইসলাম, তসলিমুর রহমান ও নূর আমিন, এএসআই ইয়ার আলী ও আবুল হাসান আহত হন। থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিনের বাঁ হাতে গুলি লাগে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজা, ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার বন্দুকযুদ্ধের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত মিজানুর একজন তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ নানা দস্যুতার অভিযোগে মঠবাড়িয়া ও বরগুনায় ৭টি মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial