বাগেরহাট সড়ক ও জনপথের উদ্যোগে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাগেরহাট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদের নেতৃত্বে বুধবার সকালে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া থেকে শুরু করে মোল্লারহাটের জয়ডিহি পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এদিন ফকিরহাট বিশ^রোড মোড়, ফলতিতা বাজার ও জয়ডিহি এলাকায় প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে ফকিরহাট মাইক্রো ষ্ট্যান্ডে মহাসড়কের পাশে অবৈধভাবে স-মিলের গাছ রাখার অপরাধে স্থানীয় স-মিল মালিক গোপাল ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন বাগেরহাট সদর উপজেলার এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহ্রিযার মুক্তার। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী রাশিদুল রেজা, মো. সোহেক হোসেন ও মো. মাসুদ ডাকুয়া, সার্ভেয়ার নাইমুল ইসলাম, হাইওয়ে থানার এসআই জামাল উদ্দিন প্রমূখ।
বাগেরহাট-মাওয়া মহাসড়কের দুই পাশে অবৈধ স্থপনা গড়ে উঠায় সম্প্রতি সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে বাগেরহাট সড়ক ও জনপথের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত জেলা সড়ক ও জনপথ বিভাগের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ জানিয়েছেন।
