নাজিরপুরে ছাত্রদল নেতাকে পিটিয়ে জখম
জেলার নাজিরপুরে দাবীকৃত চাঁদা না দেয়ায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবীর রাসেলকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ ওঠেছে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শ্রীরামকাঠী মধ্য রাস্তা এলাকায়।
ছাত্রদল নেতা মাজেদুল কবীর রাসেল উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ইলেকট্রনিক্স ব্যবসায়ী এবং শ্রীরামকাঠী গ্রামের এস এম শাহজাহান কবীরের ছেলে। ঘটনার পরপরই তাকে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সোমবার রাতেই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় ছাত্রদল নেতা মাজেদুল কবীর রাসেলের সাথে তিনি বলেন, গত রবিবার বিকেলে আমি শ্রীরামকাঠী বন্দরে আমার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ ইলেকট্রনিক্সে বসা ছিলাম। এ সময় ওই বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজের কয়েকজন লোক আমার প্রতিষ্ঠানে আসে এবং সবুজ ভাই তাদের পাঠিয়েছে বলে আমার কাছে চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা চলে যায়। সোমবার রাতে আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। রাত সাড়ে ৯ টার দিকে শ্রীরামকাঠী মধ্য রাস্তার মতি মোল্লার মিলের সামনে পৌছলে আরিফুর রহমান সবুজের নেতৃত্বে শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি হাওলাদার, ছাত্রলীগ নেতা বিপ্লব ও রামসহ ৮/১০ জন চার দিকে থেকে আমাকে ঘিরে ধরে লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করে।’
প্রত্যক্ষদর্শী জাকির মোল্লা বলেন, ঘটনার সময় আমি ঘটনাস্থলের পাশেই কবির চায়ের দোকানে ছিলাম। হটাৎ চিৎকার শুনে আমিসহ কয়েকজন এগিয়ে যাই। এ সময় সবুজ, বিপ্লব, জনি ও রামসহ কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেছি এবং রাস্তার উপর রাসেলকে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আরিফুর রহমান সবুজের সাথে কথা হলে তিনি বলেন, রাসেলের সাথে আমার কোন শক্রতা নেই। কেন আমি তাকে মারতে যাবো। এ ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। কেন তিনি আমার নাম বলছেন তা আমার বোধগম্য নয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শোভন রায় চৌধুরী জানান, রাসেলের ডান হাতে ও বাম পায়ে হাড় ভাঙ্গা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমীর হোসেন জানান, রাতের আধাঁরে এভাবে আক্রমণ, রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। স্থানীয় আওয়ামী লীগের ক্যাডারা ছাত্রদল নেতা রাসেলকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
