ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা
ইন্দুরকানীতে পাওনা টাকা চাওয়ায় এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার বিকেলে উপজেলার ইন্দুরকানী গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হাসেম মৃধা (৬৫) প্রতিপক্ষ ইন্দুরকানী লঞ্চঘাটের সর্দার মো. আলী হোসেন মৃধার কাছে পাওনা ২০ হাজার টাকা চাইতে যায়। এসময় আলী ক্ষিপ্ত হয়ে তার ছেলে মো. ফোরকান মৃধা ও তার সহযোগী ডালিম মৃধা, নজরুল ইসলামকে নির্দেশ দিলে তারা ওই মুক্তিযোদ্ধাকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের হামলায় মুক্তিযোদ্ধার বুকে, হাত-পা, কোমরসহ বিভিন্ন স্থানে জখম হয়। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এরআগেও একবার টাকা চাইতে গিয়ে আলীর বড় ছেলে যুব সংহতি নেতা আবুল বাসার মৃধার মারধরের শিকার হয়। এনিয়ে ওই মুক্তিযোদ্ধা পাওনা টাকা চাওয়ায় দ্বিতীয় বারেরমত হামলার শিকার হলো। এ ব্যাপারে প্রতিপক্ষ ফোরকান মৃধার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সে জানায়, আমি ব্যস্ত আছি এবিষয়ে আমি এখন কোন কিছু বলতে পারব না।
ঘামলার শিকার মুক্তিযোদ্ধা হাসেম মৃধা জানান, পাওনা টাকা চাওয়ায় আলীর বড় ছেলে যুব সংহতি নেতা আবুল বাসার মৃধা একবার মারধর করে। আজ আবার টাকা চাইতে গেলে আলীর নির্দেশে তার ছেলে ফোরকান ও তার সহযোগী ডালিম মৃধা, নজরুল ইসলাম আমাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় মৌখিক অভিযোগ শুনেছি এবং তাকে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
