ইন্দুরকানীতে দুই পরিবারের স্বর্ণালংকারসহ নগদ অর্থ চুরি
ইন্দুরকানীতে ঘর তালাবদ্ধ রেখে মেলায় যাওয়ায় দুই পরিবারের ১২ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১ লক্ষ ৩২ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ইন্দুরকানী গ্রামের মো. রফিকুল ইসলাম ও বাহাদুর হাওলাদারের পরিবার শনিবার বিকেলে ঘর তালাবদ্ধ করে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মেলায় যায়। গভীর রাত পর্যন্ত মেলা চলায় এবং তারা স্বপরিবারে সেখানে অবস্থান করায় সংঘবদ্ধ চোরের দল ওই দুই পরিবারে দুর্ধর্ষ চুরি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ওইদিন রাতে মেলা চলাকালীন সময়ে চক্রটি উপজেলা পরিষদের ১০০ গজের মধ্যে ব্যবসায়ী বাহাদুর হাওলাদারের ঘরের দরজার তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা এবং ইন্দুরকানী গ্রামের হার্ডওয়ারের ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের বাসার দরজার তালা ভেঙ্গে নগদ ৬২ হাজার টাকা, স্বর্ণের চেইন, হাতের রুলি, কানের দুল, আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, দুই বাড়ি চুরির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
