বাগেরহাটের রামপালে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে দস্যু নিহত
বাগেরহাটের রামপাল উপজেলায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে হায়দার আলী (৩৫) নামে এক বনদস্যু নিহত হয়েছে। রামপাল উপজেলার কৈগরতাসকাটি গ্রামের সাপমারী তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শনিবার গভীর রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে। র্যাব-৮ এর সিনিয়র ডিএডি আঃ খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এঘটনায় রামপাল থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত হায়দার সুন্দরবনের একটি বনদস্যু বহিনীর সক্রিয় সদস্য বলে দাবী করছে র্যাব।
র্যাব-৮ এর সিনিয়র ডিএডি আঃ খালেক জানান, রবিবার স্বারাষ্টামন্ত্রীর আগমন উপলক্ষে রামপালের সাপমারী এলাকায় র্যাবের একটি টিম টহল দিতে থাকে। এ সময় ঐ এলাকায় গেলে গুলির শব্দ ও এলাকাবাসির চিৎকার শুনে ঘটনা স্থলের দিকে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ করে বনদস্যুরা গুলি ছোড়ে।
র্যাব ও পাল্টা গুলি ছোড়ে এসময় প্রায় ১০ মিনিট গোলাগুলির পরে র্যাব ঘটনাস্থল থেকে হায়দার আলী গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। এসময় ঘটনা স্থল থেকে ১টি একনলা বন্দুক, ২টি কাটা বন্দুক, ১টি পিস্থল, ১২টি বন্দুকের তাজা গুলি ও ২১টি গুলির খোসা উদ্বার করা হয়। এ ঘটনায় রামপাল থানায় র্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
