নাজিরপুরে মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
নাজিরপুরে মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। সম্প্রতি উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামে মন্দির ভাংচুরের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে যুগিয়া খেয়াঘাট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
স্থানীয় অতুল চন্দ্র শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শিংখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহানন্দ মিস্ত্রী, শিক্ষক আশুতোষ মিস্ত্রী, সুখময় বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য নাসিম শেখ, পঞ্চগ্রাম সনাতনী পরিষদের সভাপতি রুবেল মিত্র প্রমুখ। মানববন্ধনে বক্তারা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে দুর্বৃত্তরা স্থানীয় যুগিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের সার্বজনিন মন্দির ও খোয়াঘাটের কালি মন্দিরে হামলা চালিয়ে মান্দির ৫টি প্রতিমা ভাংচুর করে।
এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মন্দির কমিটি কারো বিরুদ্ধে অভিযোগ না করলেও পুলিশের উদ্যোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর তিনি অতিরিক্ত পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত পূর্বক জড়িতদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
