চিতলমারীতে প্রকাশ্যে যুবকের ওপর হামলা
বাগেরহাটের চিতলমারীতে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে এক হিন্দু যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি দোকানঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাবুয়ানা গ্রামের মনিমোহন কির্ত্তুনীয়ার পুত্র স্বপন কুমার কির্ত্তুনীয়া (২৫) পার্শ্ববর্তী শুধন্য বাড়ৈ’র চায়ের দোকানে চা খেতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে বাবুয়ানা গ্রামের মৃত সুলতান মাঝির পুত্র আজিজুল মাঝি, কাজল মাঝি, মঞ্জুর মাঝি, ইস্রাফিল মাঝি, আলামিন মাঝি ও গজালিয়া গ্রামের ইউসুফ মাঝির পুত্র তাইজুল মাঝি অতর্কিত তার ওপর হামলা চালায়। একপর্যায় চায়ের দোকানদার শুধন্য বাড়ৈ, তার ভাই সুভাষ বাড়ৈ ও স্ত্রী কাঞ্চণ বাড়ৈ হামলাকারিদের ঠেকাতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
এ সময় হামলাকারিরা ওই চায়ের দোকানে ভাংচুর করে এবং গরু ক্রয়ের জন্য স্বপনের কাছে থাকা ৮০ হাজার টাকায় ছিনিয়ে নেয়। পরবর্তীতে এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় স্বপনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
এ ব্যাপারে আহত স্বপনের পিতা মনিমোহন কির্ত্তুনীয়া বাদি হয়ে ওই দিন বাবুয়ানা গ্রামের মৃত সুলতান মাঝির পুত্র আজিজুল মাঝি, কাজল মাঝি, মঞ্জুর মাঝি, ইস্রাফিল মাঝি, আলামিন মাঝি ও গজালিয়া গ্রামের ইউসুফ মাছির পুত্র তাইজুল মাঝির নামে একটি মামলা দায়ের করেন।
এ ব্যপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুকুল সরকার জানান, বাবুয়ানা গ্রামের যুবকের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।
