প্রধান সূচি

বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববির বাবা-মায়ের স্মরণ সভা অনুষ্ঠিত

বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববির বাবা জাতীয় নেতা সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ এবং মা রেবেকা মহিউদ্দিন এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মহিউদ্দীন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মহিউদ্দীন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজীম-উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, প্রয়াত মহিউদ্দিন আহমেদ ও রেবেকা মহিউদ্দিনের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আবাহনী ক্রীড়া চক্রের সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরসহ প্রমুখ।

স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাবার কবরের পাশে আমার মাকে দাফন করতে পেরেছি। মায়ের স্মৃতিচারণ করে সাজ্জাদুল আলম ববি বলেন, বিয়ের পর থেকেই মায়ের জীবনযুদ্ধ ও ত্যাগ শুরু। সুফিয়া কামাল যখন মহিলা পরিষদ গঠন করে তখন মা তার সাথে ছিলেন। মা মারা যাওয়ার ৭/৮ মাস আগে একদিন আমাকে বলল- তোমার বাবা জাতীয় নেতা সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ এর সাথে ৬৬, ৬৭, ৬৯ ও ৭০ এ আন্দোলন করেছি ৭১ এর মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি। এছাড়া তোমার বাবার যে রাজনৈতিক কর্মকান্ড সেটাতেও আমি সহযোগিতা করেছি। তোমার বাবার পাশে আমাকে কবর দিও।

সাজ্জাদুল আলম ববি বলেন, আমার বাবা মহিউদ্দিন আহমেদ মারা যাওয়ার পর বুদ্ধিজীবী কবরস্থানের বিশেষ জায়গায় তাকে দাফন করা হয়েছে। ওই জায়গায় দাফন হওয়া কোনও ব্যক্তির ওয়ারিশ মারা গেলে তাকে দাফন দিতে বিধি-নিষেধ রয়েছে। মা মারা যাওয়ার পর তার শেষ ইচ্ছাটির কথা আমার মনে পরে। বাবার পাশে মাকে যাতে দাফন করতে পারি সে বিষয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ব্যর্থ হই। এরপর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে দেখা করে মায়ের শেষ ইচ্ছাটির কথা জানালাম। ১০ সেকেন্ডের মধ্যেই প্রধানমন্ত্রী তার সামরিক সচিবকে বিষয়টি বললেন।

ববি বলেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বাসায় ফেরার পথেই যারা আমাকে ফিরিয়ে দিয়েছিল তারাই আমার সাথে যোগাযোগ করলেন। এরপর বাবার কবরের পাশে আমরা মাকে দাফন করি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণেই মাকে বুদ্ধিজীবী কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করতে পেরেছি। এজন্য আমি ও আমার পরিবার প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, একসময় আবাহনীর ক্রিকেট টিমের অবস্থা ভালো ছিল না। কষ্ট করে চলতে হত। তখন মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে মাংস ও অন্যান্য জিনিস কিনে এনেছি। মা ভোর বেলা সেগুলো রান্না করে দিতেন। আর আমি ডেকচি বোঝাই করে রিকশায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে যেতাম। তা দিয়ে খেলোয়াড়রা দুপুরের খাবার খেতো। আমার বাবার পাশে মা ছিলেন বলেই বাবা নিশ্চিন্তে রাজনীতি করতে পেরেছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ সোমবার সকাল ৭টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববির মা এবং জাতীয় নেতা সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ এর স্ত্রী রেবেকা মহিউদ্দিন এবং আহমেদ সাজ্জাদুল আলম ববির বাবা জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ ১৯৯৭ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial