যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ র্যালী, দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শনিবার দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি।
বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা শিশু কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক প্রমুখ।
এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পুষ্পমাল্য অর্পন করেন।
পরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরের সিও অফিস মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। আনন্দ শোভা যাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদারসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্তরের জনগন।
এছাড়া তিন দিনব্যাপী এ আয়োজনে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, চিত্রাংকন প্রতিযোগীতা, চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

