বোরো ধানের ফলন বৃদ্ধিকল্পে পিরোজপুর পার্চিং উৎসব পালন
বোরো ধানের ফলন বৃদ্ধিকল্পে এবং ক্ষতিকর পোকা দমনের লক্ষে পিরোজপুর জেলায় একযোগে পার্চিং উৎসব পালন শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের দক্ষিণ গাবতলা মাঠে আয়োজিত পার্চিং উৎসবে স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশ নেন। এ সময় তারা সবাই মিলে বোরো ধান ক্ষেতে গাছের ডাল পুঁতে দেন। পরে পার্চিং এর উপকারিতা বিষয়ে আয়োজিত এক মাঠ বৈঠকে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ অরবিন্দ বিশ^াস, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান, উপ-সহকারি কৃষি অফিসার মো. সরোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা জানান, পার্চিং উৎসব কৃষক-কৃষাণীদের উদ্বুদ্ধ করার জন্য অনুষ্ঠিত হচ্ছে। পার্চিং শব্দের অর্থ ক্ষেতে ডাল পুঁতে দেয়া। এসব ডালে বিভিন্ন পোকাখাদক পাখি বসে ক্ষেতের ক্ষতিকর পোকা-মাকড় খায়, ফলে জৈবিক উপায়ে ক্ষতিকর কীটনাশক ব্যবহার ছাড়াই পোকা দমন সহজ হয়। একটি পাখি ১০ গজ দুরত্ব পর্যন্ত ২০-৩০টি পোকা খেয়ে থাকে। এতে করে ৬৫% কীটনাশকের ব্যবহার কম হয়। যা পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পদ্ধতি।
উল্লেখ্য, পিরোজপুর জেলায় চলতি বোরো মৌসুমে ৫৩ হাজার ৮০০ একর জমিতে বোরো ধান চাষ হয়েছে এবং জেলার ৭২টি ব্লক এলাকায় পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।
