পাইকগাছায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড
পাইকগাছায় আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে মালামালসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোররাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।
জানা গেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মৃত মেহের আলী বিশ্বাসের ছেলে আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস (৪৫) এর বাড়ীর পাশে শ্রীকন্ঠপুর ফুটবল মাঠ সংলগ্ন মোড়ে একটি মুদি দোকান রয়েছে। প্রতিদিনের মত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে আরশাদ বাড়ীতে যায়। পরের দিন সোমবার ভোরে নামাজ পড়তে এসে পাশ্ববর্তী চায়ের দোকানদার আয়ুব আলী সরদারের মাধ্যমে জানতে পারে দোকানে আগুন লেগেছে। পরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণ করার আগেই দোকানের কাঠের বাক্সে রাখা নগদ অর্থ, ৪টি জমির দলিল, ১৫টি নন জুডিসিয়াল ষ্ট্যাম্প, ৪টি চেক, ১টি ল্যাপটপ, ২টি মামলার প্রতিবেদন, কয়েকটি মামলার নথি, ডিসিআর কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আরশাদ আলী জানান, আমার দোকানের চারিপাশে পাকা দেওয়াল দেয়া আছে। তবে দোকানের পিছনের পাশে একটি ছিদ্র রয়েছে। কে বা কারা ওই ছিদ্র দিয়ে পেট্রোল স্প্রে করার মাধ্যমে আগুন লাগাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় সোমবার আরশাদ আলী বিশ্বাস থানায় জিডি করেছেন।
