স্বরূপকাঠীতে হিন্দু ধর্মালম্বী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার রোংগাকাঠী গ্রামে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সেবাশ্রমের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতুয়া মহা সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার।
হরি-গুরুচাঁদ মতুয়া সেবাশ্রমের সম্মেলন কমিটির সভাপতি সমীরন কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে মতুয়া সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন ও আশীর্ব্বানী প্রদান করেন ওড়াকান্দি ধামকর্তা, বাংলাদেশ মতুয়া মহাসংঘের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান শ্রী সুব্রত চাঁদ ঠাকুর। এসময় আরো বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব শ্যামা প্রসাদ বেপারী, খুলনা অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়, শিক্ষক শৈলেনন্দ্র নাথ হালদার, প্রাক্তন নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার, ভারত থেকে আগত সর্ব্ব ভারতীয় মতুয়া সংঘের সদস্য গৌরী দেবী, গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম খুরনা মতুয়া সংঘের সভাপতি সুকুমার বেপারী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক সঞ্জিব রায়।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুভ অধিবাস, দল আগমন, হরিনাম কীর্তন, বাউল সংগীত, ধর্মীয় আলোচনাসহ মীন মহোৎসব অনুষ্ঠিত হয়। এ দিন সন্ধ্যায় আরতী ও মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলন করেন, গাববাড়ী-রোংগাকাঠী শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সেবায়েত মনিমোহ সিকদার।
দু-দিনের এ মতুয়া সম্মেলনে দেশের প্রত্যন্ত এলাকা হতে কয়েক হাজার হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। দিন শেষে সন্ধ্যায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় সংগীত ও ধর্মীয় যাত্রাপালা পরিবেশন করা হয়।
