মঠবাড়িয়ায় হিন্দু পরিবারের বসত ঘরে হামলা
জমি নিয়ে বিরোধের জের ধরে এক হিন্দু ভাড়াটিয়া শিক্ষক পরিবারের বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের সাব-রেজিষ্ট্রি অফিস পাড়ায় পৈত্রিক সম্পত্তির দখল নিয়ে সাবেক ইউপি সদস্য মৃত. জব্বার হাওলাদারের দুই ছেলে আনোয়ার হাওলাদার ও জাকির হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আনোয়ার হাওলাদার মারা যাওয়ার পরে তার ছেলে ও চাচা জাকির হোসেনের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে আনোয়ারের দুই ছেলে মাসুদ ও ওলি দলবল নিয়ে চাচা জাকিরের ঘরের হিন্দু ভাড়াটিয়াদের উচ্ছেদ ও ঘরের বেড়া কুপিয়ে, পিটিয়ে এবং রান্না ঘরের চুলা ভেঙে গুড়িয়ে দিয়ে ভাড়াটিয়াদের বের করে ঘর দখলের চেষ্টা চালায়। এঘটনায় হিন্দু শিক্ষক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, হিন্দু ভাড়াটিয়া পরিবারের ওপর হামলা ও ভাংচুর অমানবিক। ঘটনা শুনেই পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
