প্রধান সূচি

বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় আসলে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বর্তমান সরকার আগামীতে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। প্রধানমন্ত্রীর সাথে ১০ বছর কাজ করার সুযোগ পেয়েছি বলে দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের কল্যাণে আল্লাহর ইচ্ছায় নিজেকে নিয়োজিত রাখতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য দিয়ে। যার সদ্ব্যবহার করাই হচ্ছে মানুষের জীবনের প্রধান কর্তব্য।

তিনি আজ শুক্রবার বিকেলে ভান্ডারিয়া পৌর এলাকার কানুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে আরও বলেন, ৩২ বছরের রাজনৈতিক জীবনে ১৭ বছর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর অসীম রহমতে এই দীর্ঘদিন আপনাদের মধ্যে থেকে কাজ করার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য বলে মনে করি। আগামী ১০০ বছরও যদি আরও কাজ করার সুযোগ পেতাম তাহলেও অনেক কাজ অসম্পন্ন থেকে যেত। যতটুকু কাজ করায় সক্ষম হয়েছি, তা এলাকার উন্নয়নে নিবেদন করেছি। ৩২ বছরে এলাকার মানুষের মাঝে রাজনীতির কথা বলিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে এক হয়ে কাজ করতে সমর্থ হয়েছি বলেই উন্নয়ন সম্ভব হয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমরা স্বাধীনতা চেয়েছিলাম এবং তা অর্জন করেছি, অর্জিত স্বাধীনতার সুযোগে এখন হচ্ছে কাজের সময়। ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। যে যে অবস্থায়ই থাকি না কেন কাজ করার কোন বিকল্প  নেই।

পানি সম্পদ মন্ত্রী বলেন, আল্লাহর ইচ্ছায়ই মানুষ মন্ত্রী, সচিব, চেয়ারম্যান, মেম্বর হন। এই দায়িত্বের সদ্ব্যবহার করে আল্লাহর রহমত লাভ করতে হয়, যা মানুষের দোয়া ও সমর্থনকেও মজবুত করে। এলাকার মানুষ আগে লবনাক্ত পানি পান করেছে, এখন ভান্ডারিয়া পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের কাজ শুরু হয়েছে। এরপর প্রতিটি ইউনিয়নে প্লান্ট বসিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে ইন্শাল্লাহ। তবে এই পানির যাতে কোন অপচয় না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টির  (জেপি) যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরোয়ার জোমাদ্দার।

এ সময় মন্ত্রী কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন ।

এর আগে পানি সম্পদ মন্ত্রী ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর হাজী লেহাজ উদ্দিন দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

বিকেলে মন্ত্রী গৌরিপুর ইউনিয়নের পৈকখালী হাট থেকে জোমাদ্দার হাট পর্যন্ত নবনির্মিত সড়কের উদ্বোধন করেন। এসব উদ্বোধন কালে মন্ত্রী ও উপস্থিত ব্যক্তিবর্গ দোয়া ও মোনাজাত করেন।

এসব কর্মসূচিতে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপির যুগ্ম-আহবায়ক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপি নেতা ইউসুফ আলী আকন, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, জেপি নেতা মসিউর রহমান মৃধা, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারেক জোমাদ্দার, সমাজসেবী দেলোয়ার হোসেন রত্তন, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial