কলাখালীতে যুবকের দুই পা ভেঙ্গে দিয়েছে দুবৃত্তরা
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠী গ্রামে কামাল হোসেন হাওলাদার (৩৮) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে দুবৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাজারকাঠী গ্রামের সরদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় কামাল পিরোজপুর শহর থেকে বাড়িতে যাচ্ছিল। সে রাজারকাঠী গ্রামের মৃত ইয়াকুব আলী হাওলাদারের ছেলে।
পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিল আহম্মেদ জানান, রাত সোয়া ৯ টার দিকে আহত অবস্থায় কামালকে হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাতে তার দুই পা ভেঙ্গে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাত ১০ টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, রাজারকাঠী গ্রামে এক লোকের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার সাথে জড়িতদের আটকে পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে।
