মোংলা সরকারী কলেজে বৃত্তি প্রদান অনুষ্ঠান
মোংলা সরকারী কলেজে আয়োজিত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। বুধবার অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মোংলা সরকারী কলেজ মিলনায়তনে অধ্যক্ষ গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন সাবেক স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেল আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইসরাফিল হাওলাদার, চাদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।
এসবিএসি ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় কলেজের ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ‘এ প্লাস’ পাওয়া ১১ জনকে ৫ হাজার করে এবং ‘এ’ পাওয়া ২১ জনকে ৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। পরে কলেজের সহকারী অধ্যাপক অজিত কুমার পালকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এর আগে সকাল ১০টায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুব মহিলা লীগের নতুন কমিটি গঠন উপলক্ষ্যে প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ তালুকদার আব্দুল খালেক। এসময় তিনি বলেন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় ও খুলনা মহানগর যুব মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মোংলা পৌর ও উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হবে। তাই যারা আসুক তাদেরকে সেবার মন-মানসিকতা নিয়েই কমিটিতে আসতে হবে। আওয়ামী লীগের সাথে যারা সম্পৃত্ত রয়েছেন তাদের কেউ যদি মাদকসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে থাকনে তাহলে তাদের স্থান এ দলে হবে না।
