পিরোজপুরে সাংবাদিকের বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট : আটক-২
পিরোজপুরের এক স্থানীয় সাংবাদিকের বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে শহরের নড়াইলপাড়া এলাকায় স্থানীয় সাপ্তাহিক পিরোজপুরের খবর পত্রিকার নির্বাহী সম্পাদক এ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু এর বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জন আটক আছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।
সাংবাদিক ওয়াহিদ হাসান বাবু জানান, দুপুরের দিকে লিয়ন ও শিল্পীর নেতৃত্বে একদল বখাটে অস্ত্র-সন্ত্র নিয়ে তার শহরের নড়াইলপাড়া বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরের মালামাল ভাংচুর করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। বাবু আরো জানান, হামলাকারীরা বাড়ীতে থাকা তার মা মাজেদা খাতুন ও বোন খোদেজা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে।
পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করছে এবং এ ব্যাপারে আইন গত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
