নাজিরপুরে গুলি ভর্তি ম্যাগজিনসহ দুই যুবক আটক
নাজিরপুরে দস্যুতার চেষ্টাকালে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে স্থানীরা। পরে আটককৃত রাজিবুল মিস্ত্রী (২০) ও শফিউল্লাহ মোল্লা (২১) কে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটক রাজিবুল মিস্ত্রী উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের সালাম মিস্ত্রীর ছেলে ও শফিউল্লাহ মোল্লা একই গ্রামের জুলহাস মোল্লার ছেলে। এ ঘটনায় থানায় দস্যুতা ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজু হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, গত শুক্রবার গভীর রাতে আটককৃত দুই যুবকসহ চার জন মিলে সিঁদকেটে উপজেলার হরিপাগলা গ্রামের রনজিত কুমার ঢালীর ঘরে চুরি করতে ঢোকে। এ সময় গৃহকর্তা রনজিত ঢালী ও তার ছেলে রিপন ঢালী টের পেয়ে স্থানীদের সহায়তায় শফিউল্লাহ ও রাজিবুল মিস্ত্রী আটক করে। এসময় পালিয়ে যাওয়া সহযোগীরা আটককৃতদের ছাড়িয়ে নেয়ার জন্য গৃহকর্তার ছেলে রিপন ঢালীকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত রিপন ঢালীকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।
ওসি আরো জানান, এ সময় আটককৃতদের কাছ থেকে ৭.৬৫ বোরের ৪ রাউন্ড গুলি ভর্তি একটি অত্যাধুনিক পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আটক শফিউল্লাহ’র দেয়া তথ্য মতে ওই পিস্তলটি স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা ফেরদাউস খান সোহাগের। চুরির সময় তিনি ওই চক্রের সাথে সেখানে ছিলেন। তিনিসহ আটককৃতরা মাদক ব্যবসার সাথেও জড়িত। এ ব্যাপারে থানায় দস্যুতা ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজু হয়েছে।
ইউপি সদস্য ফেরদাউস খান সোহাগ উপজেলার সদর ইউনিয়নের ৯ নং সদর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য বলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
