চিতলমারীতে অর্ধশতাধিক অতিথি পাখি অবমুক্ত
বাগেরহাটের চিতলমারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধারকৃত বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক অতিথি পাখি অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় থানা গেটে এ সকল অতিথি পাখি খোলা আকাশে অবমুক্ত করা হয়।
থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অতিথি পাখি শিকার ও বিক্রয় রোধে অভিযান পরিচারনা করে। এ সময় এসআই রবীন্দ্রনাথ মন্ডলের নের্তৃত্বে এস আই উজ্জল কুমার বিশ্বাস, এএসআই আলতাব, এএসআই হুমায়ুন, এএসআই ইসমত আরা জলি অভিযানে অংশগ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে সদর ইউনিয়নের আড়–য়াবর্ণী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় অর্ধশতাধিক অতিথি পাখি উদ্ধার করা হয়।
চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, শীতের শুরুতে চিতলমারীর বিভিন্ন বিল এলকায় অতিথি পাখির আনাগোনা বেড়ে যাওয়ায় এক শ্রেণীর অসাধু শিকারীরা বিভিন্ন ধরণের জাল ও ফাঁদ দিয়ে অতিথি পাখি শিকারে তৎপর রয়েছে। এ তৎপরতা রোধে নিয়মিত ভাবে পাখি শিকার প্রতিরোধে অভিযান অব্যহত রয়েছে। তাছাড়া অতিথি পাখি শিকারের সাথে জড়িত শিকারী ও ব্যবসায়ীদের তালিকা প্রনয়ণ করা হচ্ছে।
