প্রধান সূচি

মঠবাড়িয়ায় দেড় কোটি টাকা নিয়ে ব্যবসায়ী উধাও ॥ থানায় জিডি

মঠবাড়িয়া পৌর শহরে এক ডিষ্ট্রিবিউটর ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক, এনজিও ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়ে রহস্যজনক ভাবে আত্মগোপনে রয়েছেন।

সোমবার রাত থেকে ওই ব্যবসায়ী নিজ ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে স্ত্রী, পুত্রসহ নিয়ে বাড়ি ঘর ছেড়ে উধাও রয়েছেন। ফলে ওই ব্যাসায়ীর কাছে পাওনা ব্যাংক, এনজিও এবং বিভিন্ন ব্যবসায়ীরা বিপাকে পড়েছে।

জানা গেছে, পৌর শহরের বহেরাতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন রেজওয়ান সুপার মার্কেটের মেসার্স সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিমল মজুমদার গত তিন দিন ধরে লাপাত্তা। গুঞ্জন উঠছে আনুমানিক প্রায় দেড় কোটি টাকা ঋণের দায়ে ওই ব্যবসায়ী আত্মগোপনে রয়েছেন। গত তিন দিন ধরে প্রাণ, ফ্রেশ, কেয়াসহ বিভিন্ন ডিষ্ট্রিবিউটরের ওই দোকানটি বন্ধ থাকায় বিষয়টি মঙ্গলবার সবার নজরে আসে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওনাদাররা দোকানের সামনে ভিড় জমায়।

রেজওয়ান সুপার মার্কেটের স্বত্বাধিকারী ও সাবেক ইউপি সদস্য আবদুল রব জানান, তার পরিবারের ১০ লক্ষ টাকা ওই বিমলের কাছে পাওনা রয়েছে। পৌর শহরের নুর ইসলাম এন্টারপ্রাইজের মালিক কামরুজ্জামান জানান, বিমলের কাছে আমার মালামাল বিক্রয়ের ২ লাখ ৮৩ হাজার টাকা পাওনা। ব্যবসায়ী কাবুল জমাদ্দার অলিম্পিক কোম্পানী ও গ্লোব সফট্ ড্রিংক্স কোম্পানীর মালামাল বাবদ তিনিও ১ লাখ টাকা পাবেন বলে দাবী করেন।

বহেরাতলার বাসিন্দা শাহ আলম ও মোস্তফা জানান, বিমলের কাছে তাদের ৬ লাখ টাকা পাওনা রয়েছে।

মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন বলেন, ‘জামিনদার হয়ে গত এক বছর আগে ব্যবসায়ী বিমলকে এক নিকট আত্মীয়ের কাছ থেকে ৬ লাখ টাকা ব্যবসায় এনে দিয়েছি। এখন বিমল আত্মগোপন করায় বড় চিন্তিত হয়ে পড়েছি।

সোশ্যাল ইসলামী ব্যাংক সাফা বন্দর শাখার ম্যানেজার রিয়াজ উদ্দিন জানান, বিমল মজুমদারকে জমির মর্টগেজ ও দোকানের মালামালের ষ্টক দেখে ওই শাখা থেকে ২৫ লাখ টাকা লোন দেয়া হয়। টাকা পরিশোধ না করে ব্যবসায়ী বিমল আত্মগোপন করায় মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, ব্যাংক, এনজিও ও ব্যবসায়ীসহ বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়ে বিমল গত তিন দিন ধরে লাপাত্তা।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial