প্রধান সূচি

অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

বাহারাইন থেকে পালিয়ে আসা প্রতারক হাফিজ মঠবাড়িয়ায় গ্রেফতার

বাহারাইন থেকে ৩৯ লাখ টাকা চুরি করে পালিয়ে আসা প্রতারক হাফিজ মোল্লা (৩৫)কে অবশেষে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় ছোট মাছুয়া শ্বশুরবাড়ি থেকে হাফিজকে পুলিশ গ্রেফতার করে। হাফিজ উপজেলার পশ্চিম রাজপারা গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ৯ বছর পূর্বে হাফিজ বাহারাইন মানামা সিটিতে ওয়াদি মারমারা বুটিক নামক ব্যবসা প্রতিষ্ঠানে চাকরী নেয়। চাকরীর এক পর্যায় প্রতিষ্ঠানের বাংলাদেশী মালিক আব্দুল মজিদ ১৩/০৫/২০১৫ইং তারিখ হাফিজকে প্রতিষ্ঠানে রেখে ছুটিতে দেশে আসে। ২১ মাস পর আব্দুল মজিদ গত ৩/৩/২০১৭ ইং তারিখ পুনরায় বাহারাইন প্রতিষ্ঠানে ফিরে যান। পরে হাফিজের কাছে প্রতিষ্ঠানের হিসাব চাইলে গত ২৮/০৩/২০১৭ ইং তারিখ হিসাব না দিয়ে হাফিজ পালিয়ে বাংলাদেশে চলে আসে। এঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিকের বড় ভাই আব্দুল জব্বার হাওলাদার বাদী হয়ে হাফিজকে একমাত্র আসামী করে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের আদেশ দেন। জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন তদন্তে উল্লেখিত টাকা চুরির প্রমান পাওয়ায় ২১/১০/২০১৭ ইং তারিখ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এছাড়া ওই প্রতারক হাফিজ মোল্লা বাহারাইন থাকাকালীন তার ভাইয়ের ছেলে আব্দুর রহমানের মাধ্যমে উপজেলার পশ্চিম রাজপারা গ্রামের আ. মজিদ ফকিরের ছেলে ইব্রাহীমের কাছ  থেকে ৪ লাখ ৫০ হাজার, উত্তর মিঠাখালী গ্রামের আনোয়ার হোসেনের পুত্র লুৎফর রহমানের কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার এবং দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত. শৈলেন সিকদারের ছেলে সুমন সিকদারের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে জাল ভিসায় বাহারাইন পাঠায়। পরে ওই তিনজনই প্রতারিত হয়ে বাহারাইন থেকে দেশে ফেরত আসে। এঘটনায় প্রতারিত তিনজনই হাফিজকে আসামী করে পৃথক আরও তিনটি মামলা করেন।

এছাড়াও প্রতারক হাফিজ মোল্লার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন গ্রামের যুবকদের বিদেশ নেবার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, আদালতের ওয়ারেন্ট পেয়ে  হাফিজকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial