পিরোজপুরের শিক্ষার্থীদের দুদকের সৌজন্য উপহার
দুদকের উদ্যোগে পিরোজপুরের দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার আলামকাঠি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ২২৩ জন ছাত্র-ছাত্রীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলেন দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ ও দুদকের বরিশাল বিভাগের পরিচালক মোঃ আক্তার হোসেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও দুদক পরিচালক ছাড়াও দুদকের উপ পরিচালক মোঃ মতিউর রহমান, জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম প্রমুখ। এরপর নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে দুদকের পরিচালক আক্তার হোসেনসহ অন্যান্যরা অনুরূপ শিক্ষা উপকরণ বিতরণ করেন। এখানে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দুদকের পরিচালক ছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রমেন্দ্রনাথ মন্ডল। এ বিদ্যালয়ের ৪৪৫জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়। বিদ্যালয় দু’টির সপ্তম থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীকে শ্রেণিভেদে স্কেল, নোট খাতা ও জ্যামিতি বক্স দুদকের পক্ষ থেকে সৌজন্য উপহার দেয়া হয়।
নাজিরপুর উপজেলা প্রশাসনের সাথে দুদকের মতবিনিময়
দুর্নীতি দমন কমিশন-দুদকের সাথে নাজিরপুর উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় বক্তব্য রাখেন দুদকের বরিশাল বিভাগের পরিচালক মোঃ আক্তার হোসেন, নাজিরপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম প্রমুখ।
