কাউখালীতে এখন চলছে ট্রেন!
ধান-নদী-খাল এই তিনে বরিশাল। সেই বরিশালে ট্রেন চালুর ব্যবস্থা না থাকলেও কাউখালীতে এখন চলছে ট্রেন! তাতে মানুষও চড়ছে। আর ট্রেন দেখতে রেল লাইনের চারপাশে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। ইঞ্জিন ও চারটি বগিসহ মোট পাঁচ বগি বিশিষ্ট ‘আল-আমিন এক্সপ্রেস’ নামের এ ট্রেনটিতে চড়তে জনপ্রতি টিকিট মূল্য ২০ টাকা।
সনাতন ধর্মাবলম্বীদের রাঁস পূর্ণিমায় ধর্মগুরু শ্রীশ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৬তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিন ব্যাপী বাৎসরিক উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকা জুড়ে বসেছে রাস মেলা। এ মেলায় শিশু-কিশোরদের বিনোদনের জন্য এই ট্রেন ভ্রমণ ছাড়াও নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে দোকানিরা। পাহাড়ী কাঠের নকশায় গড়া আকর্ষনীয় ফার্নিচারসহ দূর দূরান্ত থেকে দোকানীরা এসেছে এই মেলায়। শীতের গরম কাপড়, শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ আনন্দমেলা।
প্রথম দিনে উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার লোক সমাগমে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মেলায় দুপুরের পর থেকেই মানুষের ঢল নামতে শুরু করে।
