মঠবাড়িয়ায় নৈশ প্রহরীকে কুপিয়ে জখম ॥ থানায় মামলা
তুচ্ছ ঘটনার জের ধরে মঠবাড়িয়া বাজারের নৈশ প্রহরী এমাদুল হক হাওলাদার (৪০) কে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করেছে। স্থানীয়রা এমাদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত এমাদুল উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। এঘটনায় আহতের স্ত্রী দুলু বেগম বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের এমাদুল হাওলাদারের একটি সুপারী গাছ প্রতিবেশী মজিবুর হাওলাদারের ছেলে রাসেল মিয়া গত বৃহস্পতিবার কেটে ফেলে। এনিয়ে রাসেলের সাথে এমাদুলের বাক-বিতন্ডা হয়। এঘটনার জের ধরে শনিবার সকালে রাসেলের নেতৃত্বে জামাল হাওলাদার, জাফর হাওলাদারসহ ৫/৭ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এমাদুলের ওপর হামলা চালায় এবং বগি দাও দিয়ে কুপিয়ে এমাদুলকে গুরুতর জখম করে। খবর পেয়ে এমাদুলের ছোট ভাই শহিদুল ইসলাম তাকে বাঁচাতে এলে প্রতিপক্ষরা তাকেও পিটিয়ে আহত করে। এসময় দুই ভাইয়ের কাছে থাকা প্রায় অর্ধলক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই বিকাশ চন্দ্র দে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
