প্রধান সূচি

জেএসসি ও জেডিসি পরীক্ষা

নাজিরপুরে নকল প্রতিরোধে ইউএনও’র অভিনব কৌশল

নাজিরপুরে চলমান জেএসসি ও জেডিসি পরীক্ষায় নকল প্রতিরোধে অভিনব কৌশল অবলম্বন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। বিগত দিনে এ উপজেলায় বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নকলে সহায়তাসহ নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজী পরীক্ষার দিন ইংরেজী ও গণিতের দিন গণিত শিক্ষক হলে প্রবেশ করে শিক্ষার্থীদের নকলে সহায়তা করার অভিযোগ রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে রবিবার অনুষ্ঠিত জেএসসির ইংরেজী পরীক্ষার দিনে সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজী শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে নির্বাহী অফিসার মো. নাজমুল আলম এ সভার আয়োজন করেন।

একইভাবে ইংরেজী দ্বিতীয় পত্র ও গণিত পরীক্ষার দিনেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের নিয়ে সভা করার কর্মসূচী দিয়ে প্রতিষ্ঠান প্রধানদের চিঠি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বিষয়টি নিয়ে ইতিবাচক ও নীতিবাচক প্রতিক্রিয়া লক্ষ করা গেছে বিভিন্ন মহলে। শিক্ষার্থী অভিভাবকসহ শিক্ষকরা বলছেন পরীক্ষায় নকল প্রতিরোধেই এ সভার আয়োজন করেছেন ইউএনও।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুখরঞ্জন বেপারী জানান, এ ঘটনায় সকল শিক্ষকরাই দোষী নয়। কতিপয় শিক্ষকদের কারণেই নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগ। আর নির্ধারিত বিষয়ের পরীক্ষার দিনে শিক্ষকরা যাতে কোন রকম নকলে সহায়তা করতে না পারে তার জন্যই এ সভা।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, উপজেলায় কয়েকজন শিক্ষক রয়েছেন যারা শিক্ষার্থীদের ভাল রেজাল্ট করিয়ে দেয়ার জন্য অভিভাবকদের সাথে অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ হন। ওই শিক্ষার্থীদের প্রাইভেটও পড়ান এবং জেএসসিসহ এসএসসি পরীক্ষা চলাকালে ডিউটি না থাকা সত্বেও হলে ঢুকে নিধারিত শিক্ষার্থীদের নকলে সহায়তা করেন। সদ্য শেষ হওয়া এসএসসির টেষ্ট পরীক্ষায় উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক তার নিধারিত শিক্ষার্থীদের পরীক্ষার ২ দিন পূর্বে প্রশ্নপত্র  ও লুচসীট সরবরাহ করে নকলে সহায়তা করেছেন। পরীক্ষা চলাকালে যা কর্তৃপক্ষের হাতে ধরাও পড়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে  উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি মাদরাসার প্রধানের কাছে ইংরেজী ও গনিত বিষয়ের শিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিনে মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য একটি চিঠি প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম জানান, পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের নকলে সহায়তা করছে বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। চলতি পরীক্ষায় যাতে এমন অভিযোগ করার সুযোগ কেহ না পায় সে লক্ষেই নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য শিক্ষকদের নিয়ে এ সভা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial