ছিনতাইকারীদের হামলায় মটরসাইকেল চালক ও আরোহী আহত
পাইকগাছায় ছিনতাই চেষ্টা কালে ছিনতাইকারীদের হামলায় মটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নাকশা স্কুলের সামনে হামলা ও ছিনতাই চেষ্টার এ ঘটনা ঘটে।
বাসমালিক সমিতির লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম জানান, আমাদের বাসমালিক সমিতির একটি বাস কয়রায় নষ্ট হয়ে পড়ে, পরে বারইডাঙ্গা গ্রামের মুলতান গাজীর ছেলে মটরসাইকেল চালক সামিরুল গাজী (২৮) ও সিলেমানপুর গ্রামের মৃত সায়েদ মোড়লের ছেলে ম্যাকানিক শফিকুল ইসলাম (২৬) বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়রা যায়। গাড়ী মেরামত শেষে রাত ১টার দিকে বাড়ী ফিরে আসার সময় চাঁদখালী ইউনিয়নের ধামরাইল স্কুলের সামনে পৌছালে কয়েকজন ছিনতাইকারী তাদেরকে বেরিকেট দেয়।
পরে তারা ঘুরে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদেরকে ধাওয়া করে নাকশা স্কুলের সামনে পৌছালে সেখানে লোহার রড দিয়ে পিটিয়ে মটরসাইকেল চালক সামিরুল ও আরোহী শফিকুল কে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
