প্রধান সূচি

নাজিরপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ কার্যক্রম উদ্বোধন

কৃষক বান্ধব ডিজিটাল কৃষি সেবা প্রণয়ন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পেশাগত যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য সারা দেশে চালু হচ্ছে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’।

পিরোজপুরের নাজিরপুর উপজেলাসহ দেশের ১৪টি অঞ্চলে এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় সচিবালয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষামূলক এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এটি বাস্তবায়িত হচ্ছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আলম ভিডিও কনফারেন্সে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন তালুকদার, উপজেলা কৃষি অফিসার দিগ বিজয় হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান প্রমুখ।

ভিডিও কনফারেন্সে কৃষিমন্ত্রী বলেন, ‘এই বাতায়নের মাধ্যমে সারা দেশে ইউনিয়ন পর্যায়ের কৃষকরা শিগগিরই সেবাটি পাবেন। এখন টেলিভিশনে আপনারা কৃষি সংবাদ শোনেন। এখন থেকে কল সেন্টারে ফোন করতে পারবেন। সরাসরি দেখার সুযোগটি অচিরেই আপনাদের হাতে চলে আসবে।’

ভিডিও কনফারেন্সে এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ‘কৃষকদের সহায়তা দিতে কৃষিকে কেন্দ্র করে কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, বালাইনাশকসহ ১০টি উদ্যোগ রয়েছে। কিন্তু সবগুলোকে একটি বাস্কেটের মধ্যে আনা দরকার। বিচ্ছিন্ন হলে মানুষও বিভ্রান্ত হয়ে পড়ে। এজন্যই আজকের এই উদ্যোগ। আজকে পাইলটিং শুরু হবে।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমরা যদি এটি সফলভাবে সম্পন্ন করতে পারি তবে আগামী ডিসেম্বর মাসে সারা দেশে আমরা এটি চালু করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।’

বাতায়নে কৃষকের যা যা দরকার তার সবই পাবে জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আনোয়ার বলেন, ‘এটি হবে ইন্টারঅ্যাকটিভ (ভাবের আদান-প্রদান)। কৃষি ক্ষেত্রের যেসব কর্মকর্তা ও বিজ্ঞানীরা রয়েছেন তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য নেটওয়ার্কের ব্যবস্থা এখানে আমরা রেখেছি। কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ফোন সেবাও থাকছে। কৃষক সরাসরি ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন।’

ভিডিও কনফারেন্সে কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial