প্রধান সূচি

পিরোজপুরে কাল স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সুন্দরবনের দু’টি জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করবে

কাল বুধবার পিরোজপুরে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে অস্ত্রসহ দু’টি জলদস্যুদল আত্মসমর্পণ করবে। র‌্যাবের উদ্যোগে এই আত্মসমর্পণ অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় পিরোজপুর জেলা ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। সুন্দরবনের মাঞ্জু বাহিনী ও মজিদ বাহিনীর এসব সদস্য আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্র সমর্পণসহ নিজেরা স্বেচ্ছায় ধরা দিচ্ছে বলে র‌্যাব-৮ এর একটি নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে। এ বাহিনী দু’টি সুন্দরবনের মংলা ও দাকোপ এলাকায় ডাকাতিতে লিপ্ত রয়েছে। ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুুজ্জামান খান কামালের উপস্থিতিতে বিভিন্ন সময় আরও ১২টি বাহিনী স্বেচ্ছায় র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছে।

পটুয়াখালী, বরগুনা, বরিশাল, বাগেরহাট ও মংলায় এ দলগুলো অস্ত্রসহ গত দু’বছরে স্বেচ্ছায় ধরা দেয়। স্বাভাবিক জীবন-যাপনের প্রতিশ্রুতিতে ধরা দেয়ায় সাধারণ ক্ষমার আওতায় অধিকাংশ জলদস্যুদের সরকার পুর্নবাসনের জন্য ইতিমধ্যে অর্থ সাহায্যসহ বিভিন্ন সহায়তা করছে। তবে হত্যাসহ গুরুত্বর অপরাধের অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিচারকাজ সম্পন্ন  না হওয়া পর্যন্ত সাধারণ ক্ষমার বাইরে  রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ বছরে সুন্দরবনে ১৯ জন দলনেতাসহ ৮০ জন জলদস্যু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এনকাউন্টার, ক্রসফায়ার, অভ্যন্তরীণ কোন্দলসহ নানাভাবে নিহত হয়েছে। সম্প্রতি র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর চাপের মুখে ১২টি জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করেছে। যার মধ্যে কয়েকটি দুর্ধর্ষ বাহিনীও রয়েছে। এছাড়া কুখ্যাত অন্ততঃ ১৫ জন দস্যু নেতা নিহত হওয়ার পর সুন্দরবন ও বঙ্গোপসাগরে ডাকাতদের মধ্যে স্বাভাবিক জীবন-যাপনের জন্য আত্মসমর্পণ আগ্রহের সৃষ্টি হয়। র‌্যাব ও কোষ্টগার্ডের মাধ্যমে আত্মসমর্পণ অনুষ্ঠান চলতে থাকায় বড় মিয়া বাহিনীসহ অন্য জলদস্যুরাও আত্মসমর্পণের জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial