সাতুরিয়ায় শেরে বাংলার নামে বিশ্ববিদ্যালয় ও যাদুঘর নির্মাণের দাবি
বাংলার অবিসংবাদিত নেতা অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়ায় একটি বিশ্ববিদ্যালয় ও যাদুঘর নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলার জন্মদিন উপলক্ষে সাতুরিয়া শেরে বাংলা রিসার্চ ইনস্টিটিউট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শেণির মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। এছাড়া আরো বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সমাজসেবক তানভীর আহমেদ, ই: রেজাউল করিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সিকদার, মোসলেম আলী খান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নিরব মল্লিক, মুক্তিযোদ্ধা মীর মনসুর আহমেদ ও ইউপি সদস্য জাকির হোসেন।
বক্তারা শেরে বাংলার জন্মস্থানের স্মৃতি সংরক্ষণ, সাতুরিয়ায় শেরে বাংলার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পদ্মা অথবা কচা নদীর ওপর নির্মিত সেতু শেরে বাংলার নামে নামকরণের দাবি জানান।
এর আগে শেরে বাংলার ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার এ.কে.এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরে বাংলার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে নানা বাড়িতে শেরে বাংলা এ. কে. ফজলুল হক জন্ম গ্রহণ করেন।
