নাজিরপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
নাজিরপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বেদার ফরাজী (৪৫) নামে এক যুবলীগ নেতা গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। সে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং মাটিভাঙ্গা গ্রামের মৃত আফসার উদ্দিন ফরাজীর ছেলে। ওই গৃহবধূ বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাটিভাঙ্গা গ্রামের তিন সন্তানের জননী ওই গৃহবধূর স্বামী মাদারীপুর জেলায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। গত ২১ অক্টোবর ওই গৃহবধূর দুই ছেলে মাদারীপুরে পিতার কাছে থাকায় ৫বছরের মেয়ে নিয়ে সে বাড়ীতে ছিল। ওই দিন রাত ২টার দিকে যুবলীগ নেতা বেদার ফরাজী সু-কৌশলে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে আসলে ওই যুবলীগ নেতা তার পরিহিত লুঙ্গিসহ ব্যবহৃত মোবাইল, টর্চ লাইট ও জুতা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী বলেন, ওই যুবলীগ নেতার বিরুদ্ধে স্থানীয় ভাবে বিভিন্ন অভিযোগ ওঠায় ইতিমধ্যে তাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, মামলা রুজুর পর ওই রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে থানায় আরো তিনটি মামলা রয়েছে।
