মংলা বন্দরে জাহাজে পণ্য ওঠানামা বন্ধ
বাগেরহাটে ভারী বর্ষনে পৌর এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত
একটানা ভারী বর্ষনে বাগেরহাট শহরের পৌর এলাকাসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দূর্ভোগে পড়ছে বাগেরহাটের খেটে খাওয়া মানুষ। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
শুক্রবার অবিরাম বৃষ্টি থাকার কারণে যেসব মানুষ জরুরী কাজে বাইরে বের হয়েছে তারাও রিকসা বা প্রয়োজনীয় যানবহন না পেয়ে পড়েছেন বিড়ম্বনায়। টানা বৃষ্টিতে সকাল থেকেই বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়, রাহাতের মোড়, লোকাল বোর্ডঘাট, মেইনরোড, বাসাবাটি, রেলরোড, পৌরসভার সামনের রোড, আলীয়া মাদ্রাসারোড, খারদ্বার মোড়, ভিআইপি রোড, মিঠাপুকুরপাড়, সাহাপাড়া, দশানি শিল্পকলা একাডেমীর সামনের সড়ক, বালিকা বিদ্যালয় সড়কসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। বাগেরহাট শহরে বাজার করতে আসা মোঃ কামরুজ্জামান বলেন, বৃষ্টি হলে বাজারে আসতে হয়েছে। কিন্তু রিকসা না থাকায় খুব কষ্ট করে হেটে যেতে হবে বাসায়।
ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু জানান, তার ইউনিয়নের কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মাছের ঘেরও ভেসে ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আফতাব উদ্দিন বলেন, গত ২৪ ঘন্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে নষ্ট হওয়ার মত কোন ফসল এখন মাঠে নেই। বরং এই বৃষ্টিতে রোপা আমনের মাঠের উপকার হচ্ছে।
এদিকে, বাগেরহাটের নয়টি উপজেলার নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। জেলার কচুয়া, মোড়েলগঞ্জ, শরণখোলা, মংলা ও রামপাল উপজেলার নিম্নাঞ্চলের কিছু মৎস্য ঘেরও ডুবে গেছে। জেলার আমন ধানের ক্ষেত গুলো আছে পানির নিচে। তবে এ পানি স্থায়ী না হলে আমন ধানের কোন ক্ষতি হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অপরদিকে, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত জাহাজের পণ্য খালাস- বোঝাই। শুক্রবার সকাল থেকে এ অবস্থার সৃষ্টি হয়।
বন্দরের হারবার বিভাগ জানায়, এই মূহুর্তে মংলা বন্দরে একটি ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), তিনটি সার, চারটি চাল, একটি মেশিনারী এবং একটি সারবাহী জাহাজ অবস্থান করছে। আরো তিনটি জাহাজ পণ্য নিয়ে বন্দরে ভেড়ার শিডিউল রয়েছে। তবে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে এসব জাহাজে পণ্য খালাস বোঝাই ব্যাহত হচ্ছে।
বন্দর ব্যবহারকারী নুরু এন্ড সন্স এর মালিক এইচ এম দুলাল জানান, সাগরে নিম্নচাপের কারনে বন্দরসমূহ এলাকায় মুশুলধারে বৃষ্টি হওয়ায় জাহাজের পণ্য খালাস বোঝাই সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। এদিকে নি¤œচাপের কারনে সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপটি মংলা বন্দর থেকে প্রায় ৪’শ কিলোমিটার দূরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি স্থল নিম্নচাপ হিসেবে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর উত্তর ও পূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হয়ে যেতে পারে।
