দুই মাদক ব্যবসায়ীকে তিন বছরের করাদন্ড দিয়েছে আদালত
পিরোজপুরে ফেনসিডিল বেচা কেনার মামলায় দুই মাদক ব্যবসায়ীকে তিন বছর কারাদন্ড দিয়েছে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি তাঁদেরকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, যশোরের শার্শা উপজেলার জগন্নাথপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুর রহিম (২৬) ও খুলনার দৌলতপুর উপজেলার মহেশরপাশা গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে জাকির হোসেন (৩১)। রায় ঘোষণার সময় আব্দুর রহিম আদালতে উপস্থিত ছিলেন এবং জাকির পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর শহরের সিও অফিস মোড়ের বিআরটিসি কাউন্টারের সমানে থেকে একটি প্রাইভেট কারের মধ্যে থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ আব্দুর রহিম ও জাকির হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে ওই রাতে পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার একটি বাগান থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি মন্ডল বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে স্থানীয় থানায় মামলা করেন। ওই বছরের ২২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালদ এ রায় দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি খান মোঃ আলাউদ্দিন।
